ময়মনসিংহ-শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি উদ্ধার, অস্ত্রসহ আটক ১
- আপডেট সময় : ০৯:৫৭:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- / 90
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ।
ময়মনসিংহ ও শেরপুর সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার এবং আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৯ জুন ২০২৬ তারিখ ভোর আনুমানিক ৪টার দিকে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার রাজলাল এলাকায় অভিযান চালিয়ে ২৯২ পিস ভারতীয় শাড়ি আটক করা হয়। উদ্ধারকৃত শাড়ির সিজার মূল্য প্রায় ১৭ লাখ ৫২ হাজার টাকা।
এদিকে একই ব্যাটালিয়নের অধীনস্থ নকশী বিওপি’র একটি টহলদল ২৮ জুন ২০২৬ তারিখ সন্ধ্যায় ঝিনাইগাতী উপজেলার নওকুচি সীমান্ত এলাকা থেকে মো. পিয়ার আলী (৩২) নামে এক ব্যক্তিকে একটি পাইপগানসহ আটক করে।
বিজিবি জানায়, আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ঝিনাইগাতী থানায় মামলা দায়েরপূর্বক তাকে পুলিশের নিকট হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
বিজিবি আরও জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে চোরাচালান, মাদক ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে ২৪ ঘণ্টা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্তে সকল ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।
























