ফিসারির কাজে গিয়ে নিখোঁজ দরাজ মিয়া, সন্ধান চায় পরিবার
- আপডেট সময় : ০৫:২২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / 386
নবীগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের নবীগঞ্জে ফিসারির কাজে যাওয়ার পর মোঃ দরাজ মিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। গত ১৩ সেপ্টেম্বর ২০২৬ সকাল সাড়ে ১১টার দিকে নিজ বাড়ি শামারগাঁও থেকে ফিসারির কাজে যাওয়ার কথা বলে তাকে নিয়ে যান ফিসারির মালিক দিপু মিয়া (৩৬)।
পরিবারের দাবি, ওইদিন সন্ধ্যার পর থেকে দরাজ মিয়ার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে তার স্ত্রী ইয়াসন বেগম ফিসারির মালিক দিপু মিয়ার সঙ্গে যোগাযোগ করলে তিনি অসংলগ্ন কথা বলেন বলে অভিযোগ পরিবারের। একপর্যায়ে দরাজ মিয়ার স্ত্রী দিপু মিয়ার বাড়ি ও ফিসারিতে গিয়ে তাকে খুঁজে পাননি। এ সময় দিপু মিয়ার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।
এ ঘটনায় গত ১৭ সেপ্টেম্বর নবীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন দরাজ মিয়ার পরিবারের সদস্যরা।
নিখোঁজ দরাজ মিয়ার সন্ধান পেলে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ: ০১৭৬৩৬১৭৬৯৯ (বড় ভাই)

























