কেরানীগঞ্জে ডিবির অভিযানে ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার
- আপডেট সময় : ০৩:৫৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
- / 28
ঢাকা প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা জেলা (দক্ষিণ) শাখার সহসভাপতি মো. রমজান আলীকে (৩৯) গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)।
বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) রাত ৮টা ৩৫ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বাস্তা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কুমলিভিটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় ডিবি-দক্ষিণের অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে এসআই মো. ইয়াকুব আলীসহ ডিবি পুলিশের একটি দল অংশ নেয়।
গ্রেপ্তার মো. রমজান আলী দক্ষিণ কেরানীগঞ্জ থানার কুমলিভিটা এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম আলী হোসেন এবং মায়ের নাম মমতাজ বেগম। তাঁর বাড়ি কাজিরগাঁও, ডাকঘর রাজাবাড়ি, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।



















