ফজরের নামাজ পড়ে ফেরার পথে বাসচাপায় আশিকুল ইসলামের মৃত্যু
- আপডেট সময় : ০৫:৪০:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
- / 229
ফজরের নামাজ পড়ে বাসায় ফেরার পথে রাজধানীর শান্তিনগরে ডবল ডেকার বাসের ধাক্কায় মোঃ আশিকুল ইসলাম (৭৩) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রবিবার (১ জুন) ভোরে রমনা থানাধীন শান্তিনগর মোড় বেলি রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সকাল সাড়ে পাঁচটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে মাহফুজ বিন তাসিব জানান, “আমার বাবা একজন অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার ছিলেন। আজ ভোরে মসজিদ থেকে নামাজ পড়ে বাসায় ফেরার সময় শান্তিনগর মোড়ে রাস্তা পার হতে গেলে দ্রুতগামী একটি ডবল ডেকার বাসের ধাক্কায় গুরুতর আহত হন। পরে খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাই, কিন্তু ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।”
তিনি আরও জানান, আশিকুল ইসলাম রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মৃত রইস উদ্দিনের ছেলে। বর্তমানে পরিবার নিয়ে ঢাকার শান্তিনগর, সিদ্ধেশ্বরী ৩১/১ নম্বর বাসাতে বসবাস করছিলেন। তিনি ছিলেন তিন সন্তানের জনক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “মরদেহ বর্তমানে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট রমনা থানা পুলিশকে জানানো হয়েছে।”
যোগাযোগ:
মাহফুজ বিন তাসিব (ছেলে)
মোবাইল: ০১৭৫৫-৩৬১৫২০
























