নৌ প্রতিমন্ত্রীর নির্দেশে ১৬ কর্মকর্তা-কর্মচারী স্ট্যান্ড রিলিজ
- আপডেট সময় : ০১:২২:০১ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
- / 40
নিজস্ব প্রতিবেদক ||
মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তরগুলোতে আকস্মিক পরিদর্শনে অনিয়ম ধরা পড়ায় ১৬ কর্মকর্তা-কর্মচারীকে তাৎক্ষণিকভাবে স্ট্যান্ড রিলিজ (বদলি) করা হয়েছে। নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানের নির্দেশে এ ব্যবস্থা নেওয়া হয়।
শুক্রবার নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, অনুপস্থিতি ও নির্ধারিত সময়ের পরে অফিসে উপস্থিত হওয়ার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে এই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিমন্ত্রী সম্প্রতি বরিশাল ও ঢাকায় নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থায় আকস্মিক পরিদর্শন করেন। এ সময় কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে পূর্বানুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত পাওয়া যায়। পাশাপাশি অনেকে নির্ধারিত সময়ের পরে অফিসে আসেন, যা শৃঙ্খলা ভঙ্গ হিসেবে গণ্য করা হয়।
এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করে প্রতিমন্ত্রী দায়িত্বে অবহেলা ও শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তার নির্দেশনার পর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বরিশাল কার্যালয়ের ড্রেজিং বিভাগ থেকে ৯ জন, নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগ থেকে ২ জন, বন্দর ও পরিবহন বিভাগ থেকে ১ জন এবং হিসাব বিভাগ থেকে ১ জনসহ মোট ১৩ জনকে স্ট্যান্ড রিলিজ করা হয়।
এছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরও ৩ কর্মকর্তা-কর্মচারীকে তাৎক্ষণিক বদলি করেছে।
প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীকে নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থেকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন। পাশাপাশি সরকারি দপ্তরে শৃঙ্খলা, জবাবদিহিতা ও সেবার মান নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে বলে জানান তিনি।




















