এনসিপির নাম ব্যবহার করে চাঁদাবাজী করছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে — হাসনাত আবদুল্লাহ
- আপডেট সময় : ০২:৪৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
- / 197
দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে শিক্ষা ও সংস্কৃতির নগরী ময়মনসিংহে বৃষ্টি উপেক্ষা করে পদযাত্রা ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার বেলা পাঁচটার দিকে শহীদ সাগর চত্বর থেকে পদযাত্রা করে নগরীর টাউন হল মাঠে সমাবেশে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ। এর পূর্বে নেতৃবৃন্দ জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “ময়মনসিংহে ৪১ জন শহীদ হয়েছে। তাদের কেউ গার্মেন্টস শ্রমিক, কেউ দিনমজুর। যাদের জীবনের বিনিময়ে নতুন দেশ পেয়েছি। অবকাঠামোগত উন্নয়ন নেই, ব্রহ্মপুত্র নদকে মেরে ফেলা হয়েছে, বিগত সরকার শুধু মানুষের ক্ষতি করেনি নদীকেও ধ্বংস করেছে। আমরা আকাঙ্খিত বাংলাদেশ পাইনি, ময়মনসিংহবাসীকে সাথে নিয়ে সেই বাংলাদেশ গড়ার চেষ্টা করব। ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করবো। এ নিয়ে কোন টালবাহানা চলবে না।”
তিনি নেতাকর্মীদের উদ্দেশে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে দুর্নীতি এবং চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর নির্দেশনা দেন।
দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, “আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলি। কিন্তু দুঃখের বিষয় এনসিপির নাম ব্যবহার করে চাঁদাবাজী হচ্ছে। আমাদের লক্ষ লক্ষ কর্মী ও নেতার দরকার নেই। যারা তেলবাজি এবং সেলফিবাজি করছেন তাদের দরকার নেই। আগে ঘর ঠিক করতে হবে। প্রত্যেক ইউনিয়নে গিয়ে মানুষের কাছে এনসিপির প্রয়োজনীয়তা মানুষকে বুঝাতে হবে। সংগঠন শক্তিশালী করতে হবে। উৎসুক জনতা দিয়ে আমাদের লাভ নেই। ঐক্যবদ্ধভাবে সবকিছু মোকাবিলা করতে হবে। বাংলাদেশ গড়ার জন্য আমাদের জীবন দিতেও প্রস্তুত থাকতে হবে।”
মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “ময়মনসিংহে অসংখ্য মানুষ শহীদ হয়েছে। প্রশাসনের লোকজন আহত এবং শহীদ পরিবারের কোন কথা শুনছেন না। তারা চাঁদাবাজ এবং তেলবাজদের নিয়ে ব্যস্ত। কোন আহত ভাই যদি আপনার চেয়ারের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয় তাহলে আপনার চেয়ার থাকবেন না। মনে রাখবেন আপনারা শহীদের রক্তের ওপরে বসে আছেন। আমি শিক্ষার্থীদের বলবো, যারা শহীদ এবং আহত পরিবারের সাথে অসৌজন্যমূলক আচরণ করবে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।”
এছাড়াও বক্তব্য রাখেন যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন, যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম রবিন প্রমুখ।


























