জামালপুরের মাদারগঞ্জে বিশেষ ক্ষমতা আইনের একাধিক মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করতে গিয়ে আওয়ামী লীগের ১৯ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (৩০ মার্চ) দুপুরে মাদারগঞ্জ আমলী আদালতের বিচারক রোমানা আক্তার এ আদেশ দেন।
কারাগারে পাঠানোদের মধ্যে রয়েছেন—মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, জেলা আওয়ামী লীগের সদস্য দৌলতুজ্জামান দুলাল হাজী, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন আয়না, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একে এম হযরত আলী হিলারী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান পাক্কি, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিবলুল পাশা সিয়াম এবং যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শহিদুল ইসলামসহ আরও অনেকে।
এছাড়া অন্যান্যদের মধ্যে রয়েছেন—রাশেদুল ইসলাম লাজু, ফুল বাদশা, তোফায়েল আহমেদ বাহাদুর, রনি, শাহীনুর, ছলোমিয়া, আব্দুল হামিদ মেম্বার, রুবেল, সালমান, এসডি রুবেল ও আবুহক।
মামলার আসামিপক্ষের আইনজীবী বজলুর রহমান জানান, মিছিল, মারামারি এবং বিস্ফোরক পদার্থ উদ্ধারের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা চারটি মামলায় ১৯ জন আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।