বিদেশি পিস্তল ও ২৫টি চোরাই মোবাইলসহ গ্রেফতার এক ছিনতাইকারী, পলাতক ২
- আপডেট সময় : ১১:৫৪:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / 125
ঢাকা প্রতিনিধি:
রাজধানীর ভাটারা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি খালি ম্যাগাজিন এবং ২৫টি চোরাই মোবাইল ফোনসহ এক সন্দেহভাজন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ। এ সময় তার দুই সহযোগী পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে ভাটারার নয়ানগর কোকাকোলা এলাকার একটি বাসায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এসআই হাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে মো. হেলাল মিয়া (৪০)কে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ওই বাসায় কয়েকজন ব্যক্তি অস্ত্র ও ছিনতাইকৃত মোবাইল ফোনসহ অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে হেলাল মিয়াকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি খালি ম্যাগাজিন, একটি ব্যাগ, ২৫টি বিভিন্ন ব্র্যান্ডের ব্যবহৃত স্মার্টফোন এবং একটি পুরোনো Nikon ডিজিটাল ক্যামেরা উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, উদ্ধার হওয়া পিস্তলে “MADE IN USA” এবং “7.00MM” লেখা রয়েছে। উদ্ধার করা মোবাইল ফোনগুলোর মধ্যে TECNO, Redmi, POVA, VIVO, WALTON, Infinix, HUAWEI, Realme, Samsung ও OPPOসহ বিভিন্ন ব্র্যান্ডের ফোন রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার হেলাল মিয়া তার দুই সহযোগীর নাম প্রকাশ করেছেন বলে জানিয়েছে পুলিশ। তারা হলেন— মো. নয়ন মিয়া (২৭), বাড়ি ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় এবং মো. ওয়াহিদুজ্জামান ওরফে তানভীর আহম্মেদ (২৬), বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলায়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, হেলাল মিয়া স্বীকার করেছেন যে তারা সংঘবদ্ধভাবে ভাটারাসহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিদেশি পিস্তল ব্যবহার করে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
এ ঘটনায় ভাটারা থানায় অস্ত্র ও ছিনতাই আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পলাতক দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত তারা আইনগতভাবে অভিযুক্ত হিসেবেই বিবেচিত।




















