‘ব্রয়লার চিকেন পার্টি’র আত্মপ্রকাশ, শিক্ষার্থীদের ব্যঙ্গাত্মক প্রতিবাদ ভাইরাল
- আপডেট সময় : ০২:১৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
- / 58
নিজস্ব প্রতিবেদক
এইচএসসি পরীক্ষা স্থগিত না করার দাবিতে চলমান শিক্ষার্থী আন্দোলনের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে নতুন একটি ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম—‘ব্রয়লার চিকেন পার্টি’ (Broiler Chicken Party)।
শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বা ‘ব্রয়লার মুরগি’ বলে কটাক্ষ করার অভিযোগে ভাইরাল হওয়া একটি অডিওকে ঘিরে মঙ্গলবার (১৪ জুলাই) ফেসবুকে ‘Broiler Chicken Party’ নামে একটি পেজ চালু করেন জেন-জি প্রজন্মের শিক্ষার্থীরা। “We are not insulted, We are awakened” (আমরা অপমানিত নই, আমরা জাগ্রত) স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করা পেজটি অল্প সময়ের মধ্যেই ব্যাপক সাড়া ফেলে। বিকেল ৬টা পর্যন্ত পেজটিতে প্রায় ১ হাজার ৭০০ অনুসারী যুক্ত হয়েছেন।
টানা ভারী বর্ষণ ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিও জানানো হচ্ছে। আন্দোলনের প্রেক্ষাপটে শিক্ষার্থীদের নিয়ে ছড়িয়ে পড়া বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ হিসেবেই ‘ব্রয়লার চিকেন পার্টি’র আত্মপ্রকাশ বলে জানা গেছে।
পেজটিতে শিক্ষার্থীদের আন্দোলন, শিক্ষা ব্যবস্থা এবং সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে ব্যঙ্গাত্মক ছবি, মিম, ভিডিও ও পোস্ট প্রকাশ করা হচ্ছে, যা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে।
অনলাইন অ্যাক্টিভিস্টদের মতে, এই উদ্যোগটি ভারতের ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-এর আদলে গড়ে উঠেছে। গত মে মাসে ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত তরুণদের নিয়ে বিতর্কিত মন্তব্য করার পর দেশটিতে ব্যঙ্গাত্মক প্রতিবাদ হিসেবে ‘ককরোচ জনতা পার্টি’ গড়ে ওঠে। পরে সেটি বেকারত্ব, প্রশ্নফাঁস ও নিয়োগে অনিয়মের বিরুদ্ধে বৃহত্তর অনলাইন আন্দোলনের রূপ নেয়।
বাংলাদেশে ‘ব্রয়লার চিকেন পার্টি’ কতটা প্রভাব ফেলতে পারে, তা এখনই বলা না গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এটি ইতোমধ্যে তরুণদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।




















