ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে পুলিশ। রোববার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে থানা পুলিশের একটি দল মানকোন করমোল্লাপুর এলাকার সাজ্জাদ মিয়ার বাগানবাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ারীরা পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে শফিকুল ইসলাম শফিক (৪৫), সুরুজ আলী (৪০), রফিকুল ইসলাম (২৭), শাহজাহান (৫০), সফুর উদ্দিন (৩৫) ও হাবিবুর রহমান (৪৫)–কে আটক করা হয়। তাদের সবার বাড়ি মুক্তাগাছা উপজেলার বিভিন্ন এলাকায়।
অভিযানকালে একটি ৫২ পিস তাসের বান্ডিল, একটি প্লাস্টিকের চট এবং নগদ ৮৩০ টাকা জব্দ করা হয়। পরে জব্দ তালিকা প্রস্তুত করে আটক ব্যক্তিদের থানায় নেওয়া হয়।

























