ঠাকুরগাঁওয়ের ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলায় অকটেন ও ডিজেল পরিমাপে কম দেওয়ার অভিযোগে রফিক ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুজিবর রহমানের নেতৃত্বে ফিলিং স্টেশনটিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময় পুলিশসহ প্রশাসনের একটি চৌকস দল উপস্থিত ছিল।

অভিযানে দেখা যায়, দীর্ঘদিন ধরে ভোক্তাদের তেল পরিমাপে কম দেওয়া হচ্ছিল। এতে প্রতিদিন প্রায় দুই হাজার টাকার তেল কম পাচ্ছিলেন গ্রাহকরা। অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০১৮-এর ২৯ ধারায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মুজিবর রহমান জানান, পরিমাপে কারচুপির মাধ্যমে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
























