সৌদি আরব ও আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র–ড্রোন হামলার দাবি
- আপডেট সময় : ০১:১৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
- / 57
সৌদি আরবের রাজধানী রিয়াদ ও সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। তবে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার উদ্দেশ্যে ছোড়া ড্রোনগুলো লক্ষ্যে পৌঁছানোর আগেই রিয়াদের আকাশে ধ্বংস করা হয়েছে।
রোববার সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, রিয়াদ মহানগর এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে অন্তত চারটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সৌদি আরব একাধিকবার ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে দাবি করা হচ্ছে। এসব হামলায় দেশটির গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো, মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা, সামরিক ঘাঁটি এবং জনবসতিপূর্ণ এলাকাকে লক্ষ্য করা হয়েছে।
এ ধরনের হামলায় এখন পর্যন্ত অন্তত দু’জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এদিকে সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমান ঘাঁটিতেও হামলার দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, সেখানে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ১০টি ক্ষেপণাস্ত্র এবং অজ্ঞাত সংখ্যক ড্রোন ব্যবহার করা হয়েছে।
অন্যদিকে চলমান এই সংঘাতের প্রভাব পড়েছে ইসরায়েলেও। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইরানের হামলার ঘটনায় অন্তত ১০৮ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার দেশটির সংবাদমাধ্যম ‘দ্য টাইমস অব ইসরায়েল’-এর প্রতিবেদনে বলা হয়, আহতদের মধ্যে অনেকেই সরাসরি ক্ষেপণাস্ত্র বা রকেট হামলায় আহত হয়েছেন। এছাড়া নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় হুড়োহুড়ির কারণেও অনেকে আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে রোববার সকাল পর্যন্ত সংঘাতের জেরে মোট ৩ হাজার ১৯৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বর্তমানে ৮১ জন চিকিৎসাধীন রয়েছেন।
সূত্র: আল জাজিরা, এএফপি।




















