করিমগঞ্জে তাসের জুয়ার আসরে অভিযান: ১৪ জন আটক, নগদ টাকা ও আলামত জব্দ
- আপডেট সময় : ০৫:১৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
- / 75
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় তাসের জুয়ার আসরে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে পুলিশ। এ সময় নগদ টাকা, তাসের বান্ডিলসহ জুয়া খেলার বিভিন্ন আলামত জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, করিমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আঃ আলীম সঙ্গীয় ফোর্সসহ গত ২০ জুন রাত প্রায় ১০টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের পাড়াবালিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে একটি চায়ের দোকানের ভেতরে কয়েকজন ব্যক্তিকে টাকার বিনিময়ে তাস খেলে জুয়ায় লিপ্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে।
এ সময় ঘটনাস্থল থেকে ১৪ জনকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ৩ থেকে ৪ জন পালিয়ে যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অভিযানকালে পুলিশ নগদ ১ হাজার ৭০০ টাকা, দুটি তাসের বান্ডিল, একটি চেক চাদর, একটি চেক গামছা এবং জুয়া খেলার হিসাব-নিকাশে ব্যবহৃত একটি প্যাড জব্দ করে।
আটকদের বিরুদ্ধে জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় করিমগঞ্জ থানায় নন-এফআইআর প্রসিকিউশন নং-৪৫/২০২৬ (তারিখ: ২১ জুন ২০২৬) দায়ের করা হয়েছে।
তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আঃ আলীম প্রতিবেদনে উল্লেখ করেন, প্রাথমিক তদন্ত, সাক্ষ্য-প্রমাণ এবং জব্দকৃত আলামতের ভিত্তিতে আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া আইনের সংশ্লিষ্ট ধারার অপরাধের সত্যতা পাওয়া গেছে। ফলে তাদের বিরুদ্ধে আদালতে বিচারার্থে প্রসিকিউশন দাখিল করা হয়েছে।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবৈধ জুয়া কার্যক্রম বন্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।























