নেত্রকোনায় সৌর বিদ্যুৎ খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় সভা
- আপডেট সময় : ০৬:০৩:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- / 70
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোনা:
নেত্রকোনায় সৌর বিদ্যুৎ খাতের বিদ্যমান সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
মঙ্গলবার শহরের এআরএফবি (ARFB) কনফারেন্স রুমে প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম, নেত্রকোনার উদ্যোগে এবং ক্লিন, বিডব্লিউজিইডি ও অন্যচিত্র ফাউন্ডেশনের সহায়তায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে ফোরাম ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (ফেড) নেত্রকোনা জেলার সদস্যরা অংশ নেন।
সভায় বক্তারা বলেন, দেশে সৌর বিদ্যুতের প্রসারের ব্যাপক সম্ভাবনা থাকলেও নীতিগত সমন্বয়ের অভাব, অর্থায়নের সীমাবদ্ধতা, প্রযুক্তিগত সক্ষমতার ঘাটতি এবং স্থানীয় পর্যায়ে জনসচেতনতার অভাব এ খাতের বিকাশে বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। এসব প্রতিবন্ধকতা দূর করতে সরকার, বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
অন্যচিত্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেবেকা সুলতানা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই। তিনি কার্যকর নীতি বাস্তবায়ন, পর্যাপ্ত বিনিয়োগ এবং জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
ফেড নেত্রকোনা জেলার সাধারণ সম্পাদক দিলওয়ার খান বলেন, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে টেকসই জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে সৌর বিদ্যুতের প্রসার সময়ের দাবি। এ জন্য প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সৌর প্রযুক্তি সহজলভ্য করা এবং দক্ষ জনবল তৈরির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এছাড়া ফেডের সদস্য ও পরিবেশকর্মী নাজিম উদ্দিন আহমেদ সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি রক্ষণাবেক্ষণ, প্রযুক্তিগত সহায়তা এবং ব্যবহারকারীদের সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা সৌর বিদ্যুৎ খাতের সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং স্থানীয় পর্যায়ে এর সম্প্রসারণে করণীয় বিষয়ে মতামত দেন। তারা বলেন, টেকসই উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিকল্প নেই। এজন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা, প্রয়োজনীয় বিনিয়োগ এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।






















