মোহাম্মদপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত
- আপডেট সময় : ০৫:১০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
- / 118
রাজধানীর মোহাম্মদপুরের দুর্গা মন্দির গলি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. নুর ইসলাম (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (১৬ মে) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই মো. ওসমান গনি জানান, “রাত আটটার দিকে আমার ভাই দুর্গা মন্দির গলি দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ পিছন থেকে দুর্বৃত্তরা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। খবর পেয়ে আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাই। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
তিনি আরও জানান, নিহত নুর ইসলাম শংকর বাস স্ট্যান্ডের পেছনে এলাকার মো. আবুল ফকিরের ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
























