চাঁদা দাবির মামলা প্রত্যাহার না করায় মারধরের অভিযোগ
- আপডেট সময় : ০১:৪৭:২৩ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
- / 207
রাজবাড়ী সদর হাসপাতালের সামনে চাঁদা দাবির মামলা প্রত্যাহার না করায় সিদ্দিক শেখ (৪৫) নামের এক ডায়গনস্টিক সেন্টারের মালিককে প্রকাশ্যে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১৪ জুলাই) দুপুর দেড়টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালের সামনে আল রাজী ডায়াগনস্টিক সেন্টারের সামনের সড়কে এ হামলার ঘটনা ঘটে।
আহত সিদ্দিক শেখ রাজবাড়ী সদর উপজেলার কাজীবাঁধা গ্রামের আহম্মদ আলী শেখের ছেলে ও আল রাজী ডায়গনস্টিক সেন্টারের মালিক। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সিদ্দিক শেখ বলেন, আল রাজী ডায়াগনস্টিক সেন্টারের ব্যবসা করতে হলে আমাকে চাঁদা দিতে হবে। চাঁদা না দেওয়ায় হুমকি দিয়ে আমাকে তুলে নিয়ে যায়। এ ঘটনায় গত তিন মাস আগে আদালতে মামলা দায়ের করা হয়। এ মামলা প্রত্যাহার না করায় সোমবার দুপুরে পুড়া পলাশ, ক্ষুর মানিক, কুটি ও ডিজিটাল ক্লিনিকের মালিক সায়েক মো. জিয়াসহ তাদের লোকজন এসে আমাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক অবস্থা বেগতিক দেখে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
রাজবাড়ী সদর হাসপাতালের চিকিৎসক ডা. শাওন দে সরকার বলেন, স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
রাজবাড়ী সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাসেল মোল্লা বলেন, ঘটনার বিষয়টি জানতে পেরে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।






















