পুরাকীর্তি সুরক্ষা কমিটির কালু শাহ (র.) মাজার পরিদর্শন
- আপডেট সময় : ০১:০৪:১৪ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
- / 264
পুরাকীর্তি সুরক্ষা কমিটি, ময়মনসিংহ অঞ্চল-এর একটি প্রতিনিধি দল আজ সোমবার বেলা ১১টায় নগরীর ঐতিহাসিক হযরত শাহ সুফি সৈয়দ কালু শাহ (র.) এর মাজার পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে প্রতিনিধি দল বলেন, প্রাচীন মাজারসমূহ ইসলামী স্থাপত্যশিল্পের অনন্য নিদর্শন এবং সুফি সাধকদের ত্যাগ-তিতিক্ষার স্মারক। এই সুফি সাধকেরা এ অঞ্চলে শান্তি ও সম্প্রীতির বাণী প্রচার করে ইসলামের প্রসার ঘটিয়েছেন। তাঁদের মধ্যে অন্যতম শাহ সুফি সৈয়দ কালু শাহ (র.), যিনি ময়মনসিংহ নগরীতে সমাহিত। উল্লেখ্য, কিছুদিন আগে একদল দুর্বৃত্তের হামলায় মাজারটি ক্ষতিগ্রস্ত হয়েছিল।
প্রতিনিধি দল বলেন, ময়মনসিংহের ঐতিহ্য সম্প্রীতির বন্ধনে গড়ে উঠেছে, যা অটুট রাখতে হবে। ইসলামী স্থাপত্য ও সুফি সাধকদের সমাধিস্থল সুরক্ষায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে স্থায়ী উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়। এসময় জানানো হয়, বাংলাদেশ সুফিবাদ ঐক্য পরিষদের তত্ত্বাবধানে ক্ষতিগ্রস্ত কালু শাহ (র.) মাজারের পুনঃসংস্কার কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে।
পরিদর্শনে উপস্থিত ছিলেন পুরাকীর্তি সুরক্ষা কমিটি, ময়মনসিংহ অঞ্চল-এর সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক স্বপন ধর, কবি সরকার আজিজ, আব্দুল কাদের চৌধুরী, মো. নুর আলী চিশতি, সদস্য সচিব ইমতিয়াজ আহমেদ, কার্যকরী সদস্য কবি আফতাফ আহমেদ মাহবুব, মোহাম্মদ মাসুদ চিশতি, সাংবাদিক শফিয়েল আলম সুমন, সাংবাদিক মো. বোরহান উদ্দিন আল মাছুম, তানজিল হোসেন মুণিম, বাংলাদেশ সুফিবাদ ঐক্য পরিষদের সভাপতি পীর খলিলুর রহমান চিশতি, সংগঠনের জহিরুল আমিন রুবেল, মাজার কমিটির সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম প্রমুখ।
























