ময়মনসিংহে ২০১৩ সালের হত্যা মামলার পলাতক আসামি ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার
- আপডেট সময় : ০৫:২২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
- / 190
ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ২০১৩ সালের একটি হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘ ১২ বছর আত্মগোপনে থাকা আসামিকে মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে কোতোয়ালী মডেল থানার আকুয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের নাম মোঃ আব্দুল মালেক রিপন (৪৫)। তিনি মৃত হাফিজ উদ্দিনের পুত্র ও কোতোয়ালী থানার গোয়াইলকান্দি একাডেমী রোড (বড়বাড়ী) এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, ২০১৩ সালের ৪ ডিসেম্বর দুপুর আড়াইটার দিকে কোতোয়ালী থানার কাচিঝুলি এলাকার সিদ্দিক মাস্টার রোডে পূর্বপরিকল্পিতভাবে আসামিরা আরমান ইসলাম (২৬) নামের এক যুবককে হত্যা করে। ওই ঘটনায় নিহতের বড় ভাই মোঃ আদনান ইসলাম বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা (নং-১২, তারিখ-০৪/১২/২০১৩) দায়ের করেন। মামলাটি দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৩৪১/৩০২/১০৯/৩৪ ধারায় রুজু করা হয়।
মামলার অন্যতম আসামি আব্দুল মালেক রিপন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সম্প্রতি তথ্য-প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে ডিবি পুলিশ।
মাননীয় পুলিশ সুপার ময়মনসিংহ-এর সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এর নির্দেশনায়, ডিবি (উত্তর) অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ) যুবরাজ দাস, এসআই (নিঃ) ফিরোজ আলী, এসআই (নিঃ) পিন্টু কুমার রায় ও তাদের সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন।
ডিবি পুলিশের এ সফল অভিযানে স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি আস্থা আরও বৃদ্ধি পেয়েছে।






















