বদলির আদেশ জারি হলেও কর্মস্থল ছাড়তে নারাজ চুনারুঘাটের প্রাথমিক শিক্ষা অফিসার
- আপডেট সময় : ০১:৫৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
- / 108
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজনীন সুলতানার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা, বিভাগ ও অধিদপ্তরীয়—তিন দফা তদন্ত শেষে সম্প্রতি তাঁকে চুনারুঘাট থেকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বদলি করা হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের অনুমোদনক্রমে ১১ নভেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন-১) স্বাক্ষরিত আদেশে তাঁর বদলি নিশ্চিত করা হয়। নিয়ম অনুযায়ী ১৩ নভেম্বর ছিল চুনারুঘাটে তাঁর শেষ কর্মদিবস। তবে অভিযোগ রয়েছে, নাজনীন সুলতানা বিভিন্ন কৌশলে এখানেই থেকে যাওয়ার চেষ্টা করছেন।
চুনারুঘাটের সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জয় কুমার হাজরা বলেন, “আমরা দু’জন সহকারী শিক্ষা অফিসার দায়িত্ব পালন করছি, কিন্তু নাজনীন ম্যাডাম আমাদের কাউকেই দায়িত্বভার দিয়ে যাননি।”
তথ্যসূত্রে জানা গেছে, দায়িত্ব না দিয়ে তিনি সাদা কাগজে চিকিৎসা ছুটির আবেদন লিখে অফিস সহকারীর কাছে রেখে চলে যান। এ ঘটনায় উপজেলায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
স্থানীয় কয়েকজন শিক্ষক নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, “তার বিরুদ্ধে বড় ধরনের দুর্নীতির অভিযোগ রয়েছে। তদন্তের ভিত্তিতেই তাঁকে বদলি করা হয়েছে। এখন এখানে থাকা তাঁর সমিচীন নয়।” তাঁদের মতে, বদলির পরও তিনি বহাল থাকলে চুনারুঘাটের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়তে পারে।
এ বিষয়ে নাজনীন সুলতানার কোনো বক্তব্য পাওয়া যায়নি।






















