জাতীয় নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ করল নির্বাচন কমিশন
- আপডেট সময় : ১২:৫৩:৫১ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
- / 194
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৯ জানুয়ারি) প্রকাশিত এ রোডম্যাপ অনুযায়ী আগামী ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে।
ইসি জানিয়েছে, ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। একই দিনে দেশি-বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হবে এবং আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করা হবে।
২২ জানুয়ারি ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা গেজেট আকারে প্রকাশ করা হবে। ওইদিন ব্যালট পেপার মুদ্রণ তদারকির দায়িত্ব সংক্রান্ত আদেশ জারি, মাঠপর্যায়ে দ্বিতীয় দফায় অর্থ বরাদ্দ, নির্বাচনী এজেন্ট ও পোলিং এজেন্ট নিয়োগসংক্রান্ত নির্দেশনা এবং সন্ত্রাস ও জাল ভোট প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
২৪ জানুয়ারি নির্বাচনী সামগ্রী ও ব্যালট পেপার যাচাই, সিলের গোপনীয়তা রক্ষা, ভোটদান ও ভোট গণনার পদ্ধতি, ফলাফল একত্রীকরণ, সমভোট সংক্রান্ত নির্দেশনা এবং প্রচারণা বন্ধের সময়সীমা নির্ধারণ করা হবে। এদিন আইনশৃঙ্খলা ও সমন্বয় সেল গঠনসহ একাধিক বৈঠক অনুষ্ঠিত হবে।
২৫ জানুয়ারি নির্বাচন কমিশনের অনুমোদনক্রমে ব্যালট পেপার মুদ্রণের জন্য গভর্নমেন্ট প্রিন্টিং প্রেসকে মুদ্রণাদেশ দেওয়া হবে।
২৮ জানুয়ারি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিশেষ সভা অনুষ্ঠিত হবে। এ সময় বাহিনীগুলোর অর্থের চাহিদা যাচাই এবং নির্বাচন পর্যবেক্ষকদের অনুমতি প্রদান করা হবে।
এরপর ১ ফেব্রুয়ারি আইনশৃঙ্খলা বাহিনীর জন্য অর্থ বরাদ্দ ও নির্বাচন কর্মকর্তাদের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে। ২ ও ৩ ফেব্রুয়ারি ব্যালট পেপার ও নির্বাচনী সামগ্রী মাঠপর্যায়ে পাঠানো হবে।
রোডম্যাপ অনুযায়ী, নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ত্রয়োদশ জাতীয় সংসদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।






















