চেয়ারম্যানের সঙ্গে বাকবিতণ্ডার ঘটনায় কলমাকান্দার ইউএনও বদলি
- আপডেট সময় : ১১:০৮:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
- / 176
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির নির্দেশ দেওয়া হয়। বদলির বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও মাসুদুর রহমান নিজেই।
প্রজ্ঞাপনে মোট আটজন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বদলির আদেশ দেওয়া হয়েছে। এতে বলা হয়, বিসিএস প্রশাসন ক্যাডারের উল্লিখিত কর্মকর্তাদের নামের পাশে উল্লেখিত উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হলো।
বদলির বিষয়ে ইউএনও মাসুদুর রহমান বলেন, “আমি একজন সরকারি কর্মচারী। সরকার যেখানে বদলি করবে, সেখানে যোগদান করাই আমার দায়িত্ব।” নির্দিষ্ট কোনো কারণে বদলি করা হয়েছে কি না—এ বিষয়ে জানতে চাইলে তিনি মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন। তবে তিনি বলেন, “সামনে নির্বাচন রয়েছে। সে কারণেও হয়তো বদলি হতে পারে। নির্দেশনা অনুযায়ী আগামীকাল নতুন কর্মস্থলে যোগদানের প্রস্তুতি নিচ্ছি।”
প্রসঙ্গত, গত ১৭ জানুয়ারি বিকেলে কলমাকান্দা উপজেলার লেংগুরা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছিলেন ইউএনও মাসুদুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান। এ সময় সরকারি জমিতে অবৈধভাবে মার্কেট নির্মাণের অভিযোগে পারভেজ নামের এক ব্যক্তিকে আটক করা হলে ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে ক্ষোভ প্রকাশ করেন এবং বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
ওই ঘটনার প্রায় ৩০ সেকেন্ডের একটি খণ্ডিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে ইউপি চেয়ারম্যানকে বলতে শোনা যায়, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার আগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানানো প্রয়োজন।
এ সময় ইউএনও চেয়ারম্যানের অনুমতি নেওয়ার বিধান কোন আইনে রয়েছে—তা জানতে চাইলে চেয়ারম্যান বলেন, এটি ‘চেয়ারম্যানের আইনে’ রয়েছে।
ঘটনার পরদিন (১৮ জানুয়ারি) স্থানীয় সরকার মন্ত্রণালয় লেংগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করে।
পরবর্তীতে ২০ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে কলমাকান্দার ইউএনও মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়। তিনি গত ১৪ ডিসেম্বর কলমাকান্দা উপজেলার ইউএনও হিসেবে যোগদান করেছিলেন।
এদিকে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) প্রীতম সোহাগ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। পোস্টে তিনি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের দৃষ্টি আকর্ষণ করে লেখেন, প্রশাসন ও রাজনীতির মধ্যে অস্বাস্থ্যকর সম্পর্ক কাম্য নয় এবং ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন।
পোস্টের শেষাংশে তিনি উল্লেখ করেন, নিয়মিত বদলির বাইরে যদি অরাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে ওই কর্মকর্তাকে শাস্তিমূলকভাবে বদলি ও চরিত্রহনন করা হয়ে থাকে, তবে এর সঙ্গে জড়িত সকলের প্রতি তিনি নিন্দা ও ঘৃণা প্রকাশ করেন এবং সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান।






















