নির্বাচনি অঙ্গীকারের অগ্রাধিকারপ্রাপ্ত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির পরীক্ষামূলক (পাইলট) বাস্তবায়ন চূড়ান্ত করেছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান এ কার্যক্রমের অগ্রগতি তদারকি করছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারের আর্থিক সুরক্ষায় দেশের আট বিভাগের আটটি উপজেলায় পাইলট কার্যক্রম চালু হবে। তবে ঢাকার বাইরে প্রথমে বগুড়া জেলা থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হতে পারে।
কর্মসূচি পরিচালনায় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে সভাপতি করে ১৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। কমিটি সুবিধাভোগী নির্বাচন, নকশা ও বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণ করেছে। সরকার আসন্ন ঈদুল ফিতরের আগেই কার্ড বিতরণ শুরু করার লক্ষ্য নিয়েছে।
ফ্যামিলি কার্ডের আওতায় নির্বাচিত পরিবারগুলোকে নিয়মিত নগদ সহায়তা দেওয়া হবে। বিশেষভাবে পরিবারের নারী সদস্য বা গৃহকর্ত্রীর হাতে অর্থ পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। জাতীয় পরিচয়পত্রভিত্তিক কেন্দ্রীয় ডেটাবেসের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করে পর্যায়ক্রমে সারা দেশে কর্মসূচি সম্প্রসারণ করা হবে।




















