জুলাই সনদের প্রত্যেকটি শব্দ ও অক্ষর আমরা ধারণ করি : স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৩:১০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
- / 59
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই জাতীয় সনদের প্রতিটি শব্দ ও অক্ষরের প্রতি বর্তমান সরকার পূর্ণ অঙ্গীকারাবদ্ধ। জাতি ও জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এই সনদ বাস্তবায়ন করা হবে।
মঙ্গলবার (১০ মার্চ) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই জাতীয় সনদের পাশাপাশি বিএনপির নির্বাচনী ইশতেহারে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, জনগণের ম্যান্ডেট অনুযায়ী সেগুলো বাস্তবায়ন করা হবে। তিনি জানান, নির্বাচনী ইশতেহারে উপ-রাষ্ট্রপতির বিধান রাখার যে অঙ্গীকার করা হয়েছিল, জনগণ ম্যান্ডেট দেওয়ায় সেটিও কার্যকর করা হবে।
সম্প্রতি সংবিধান সংস্কার ও গণভোট অধ্যাদেশ সংক্রান্ত রিট এবং রুল জারির প্রসঙ্গ উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, বিষয়টি বিচারাধীন হওয়ায় তিনি আইনের ভেতরে থেকেই আলোচনা করতে চান। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই সনদ ও গণরায় নিয়ে সমালোচনা করছে উল্লেখ করে তিনি বলেন, সরকার এই সনদের প্রতি শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ এবং এটি একটি রাজনৈতিক সমঝোতার দলিল।
তিনি আরও বলেন, যারা এখন সমালোচনা করছেন তাদের অনেকেই এই সমঝোতায় স্বাক্ষর করেছিলেন। সরকার সংবিধান মেনেই কার্যক্রম পরিচালনা করছে এবং সামনেও সংবিধান অনুযায়ী চলবে। গণভোটের রায় কার্যকর করতে হলে তা প্রথমে জাতীয় সংসদে উপস্থাপন করে আলোচনা ও আইন প্রণয়নের মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে।
আসন্ন সংসদ অধিবেশন প্রসঙ্গে তিনি বলেন, আগামী ১২ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সাংবিধানিকভাবে ১৩৩টি অধ্যাদেশ উপস্থাপন করা হবে। সংসদই নির্ধারণ করবে কোন অধ্যাদেশ কীভাবে গৃহীত বা সংশোধিত হবে।
অন্যান্য রাজনৈতিক দলের সমালোচনার জবাবে তিনি বলেন, গণতন্ত্রে সবাই কথা বলার অধিকার রাখে। সব ধরনের বিতর্ক ও আলোচনা জাতীয় সংসদের ভেতরেই হওয়া উচিত এবং জনগণের চাওয়া ও সংবিধানের আলোকে সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদীন এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফোরামের মহাসচিব ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল এবং সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।
এ সময় ফোরামের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সাধারণ সম্পাদক গাজী তৌহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মাহবুবুর রহমান খানসহ অন্যান্য আইনজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।




















