আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২৫ উদযাপন : ময়মনসিংহে ৬ ইউনিয়নের ১২ নারীকে সম্মাননা প্রদান
- আপডেট সময় : ০৭:৪২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
- / 144
ময়মনসিংহ সদর উপজেলার ৬টি ইউনিয়নের ১২ জন সংগ্রামী, উদ্যোক্তা ও মানবিক নারীকে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২৫ উপলক্ষে সম্মাননা প্রদান করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)।
অনুষ্ঠানটি বাস্তবায়নে স্থানীয় সংগঠন নিষ্ঠা উন্নয়ন সংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) ময়মনসিংহ সার্কিট হাউস সংলগ্ন জেলা রোভার ভবন মিলনায়তনে আয়োজিত এই সম্মাননা প্রদান ও প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল— ‘গ্রামীণ নারীর উদ্যোগে টেকসই উন্নয়ন’।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে দিবসের তাৎপর্য তুলে ধরেন বিএনএনআরসি’র ময়মনসিংহ ফোকাল পার্সন ও সাংবাদিক স্বাধীন চৌধুরী।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তর ময়মনসিংহ জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ, ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. গোপাল চন্দ্র সর্দার, এবং অধ্যক্ষ কাব্য সুমী সরকার।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও নারী নেত্রী এডভোকেট লীলা রায়।
বক্তারা বলেন, কৃষিপ্রধান দেশের উন্নয়ন কাঠামোয় গ্রামীণ নারীরা নীরব অথচ অমূল্য অবদান রেখে চলেছেন। সংসার ও সমাজে তাদের মজুরিবিহীন শ্রম, ত্যাগ, নিষ্ঠা এবং মানবিক মমত্ববোধ আমাদের অগ্রগতির ভিত্তি। সমাজে টিকে থাকা প্রতিটি নারী সংগ্রামের প্রতীক, যাদের সম্মান ও স্বীকৃতি দেওয়া সময়ের দাবি।

অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যম, উন্নয়নকর্মী, শিক্ষক, সমাজকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্মাননা প্রাপ্ত ১২ জন নারী তাঁদের নিজ নিজ ক্ষেত্রে সমাজসেবা, নারী উদ্যোক্তা, প্রজনন স্বাস্থ্যসেবা ও জীবনসংগ্রামী মনোভাবের মাধ্যমে অনন্য অবদান রেখেছেন।
সম্মাননা প্রাপ্তরা হলেন —
চর সিরতা ইউনিয়ন: উমা রানী চৌধুরী (সমাজসেবা), শিউলী আক্তার (জীবন সংগ্রামী)
চর নিলক্ষীয়া ইউনিয়ন: হালিমা খাতুন (প্রজনন স্বাস্থ্যসেবা), আনোয়ারা খাতুন (সমাজকর্ম)
চর ঈশ্বরদিয়া ইউনিয়ন: হোসনা আক্তার (নারী উদ্যোক্তা ও জীবন সংগ্রামী), আমিনা খাতুন (জীবন সংগ্রামী)
ভাবখালী ইউনিয়ন: মোছাঃ ফরিদা ইয়াসমিন (সমাজসেবা), রিনা আক্তার (জীবন সংগ্রামী)
খাগডহর ইউনিয়ন: রীতা রানী বর্মন (জীবন সংগ্রামী), মোছাঃ তাহসিনা আক্তার রূপসী (উদ্যোক্তা ও সমাজকর্মী)
দাপুনিয়া ইউনিয়ন: মোছাঃ জমিলা খাতুন (প্রসবকালীন সেবা), মোছাঃ রাজিয়া খাতুন (উদ্যোক্তা)।
বিএনএনআরসি’র ফোকাল পার্সন স্বাধীন চৌধুরী বলেন, গ্রামীণ নারীরা কেবল সমাজের অবহেলিত অংশ নয়, বরং উন্নয়ন প্রক্রিয়ার মূল চালিকা শক্তি। তাদের নেতৃত্ব ও অবদান জাতীয় পর্যায়ে আরও বেশি স্বীকৃতি পাওয়ার দাবিদার।
অনুষ্ঠানের শেষাংশে নারীর অধিকার, উদ্যোক্তা উন্নয়ন, প্রযুক্তি ও বাজারসংযোগে সুযোগ সৃষ্টির ওপর জোর দেওয়া হয়। সম্মাননা প্রাপ্ত নারীরা নিজেদের জীবনের সংগ্রাম ও সাফল্যের গল্প শেয়ার করেন, যা উপস্থিত সকলকে অনুপ্রেরণায় ভরিয়ে তোলে।






















