ইশরাক হোসেনকে নিয়ে ‘বিভ্রান্তিকর’ প্রতিবেদন প্রচারের প্রতিবাদ
- আপডেট সময় : ০২:১০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
- / 31
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র পদপ্রার্থী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনকে নিয়ে একটি গণমাধ্যমে প্রকাশিত তথাকথিত ‘জরিপ প্রতিবেদন’ ও বিভ্রান্তিকর তথ্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে তাঁর পক্ষ।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ইশরাক হোসেনকে ‘নেতাকর্মী-বিচ্ছিন্ন’ হিসেবে উপস্থাপনের চেষ্টা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির একজন জনপ্রিয় ও রাজপথের পরীক্ষিত নেতা বলেও বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ইশরাক হোসেনের নেতৃত্ব এবং দীর্ঘদিনের স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর ভূমিকা দলীয় নেতাকর্মী ও ঢাকাবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতাকে খাটো করতেই একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলেও দাবি করা হয়।
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ, বীর মুক্তিযোদ্ধাদের মর্যাদা ও অধিকার রক্ষা এবং নির্যাতিত মানুষের রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে ইশরাক হোসেন কাজ করে যাচ্ছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। পাশাপাশি তাঁর পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য ও সাধারণ মানুষ-নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কথাও তুলে ধরা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক দল এবং যোগ্য নেতৃত্ব বাছাইয়ে দলের নিজস্ব নিয়মনীতি রয়েছে। মনগড়া বা কাল্পনিক জরিপের মাধ্যমে দলের পরীক্ষিত নেতাদের হেয় করার সুযোগ নেই।
এ ধরনের বিভ্রান্তিকর প্রচারে কান না দিতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচার থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট গণমাধ্যম ও মহলের প্রতি আহ্বান জানানো হয়।










