ইসরায়েলের পুলিশ সদর দপ্তর ও একটি স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। রোববার সকালে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরান।
ইরানের সেনাবাহিনীর এক বিবৃতির বরাত দিয়ে দেশটির গণমাধ্যম জানায়, ইসরায়েলের বিশেষ পুলিশ ইউনিটের সদর দপ্তর Lahav 433 এবং প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র Jil’at Satellite Communication Center লক্ষ্য করে শক্তিশালী ড্রোন হামলা চালানো হয়েছে।
তবে হামলার শিকার স্থাপনাগুলোর সুনির্দিষ্ট অবস্থান কিংবা হামলার ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
এদিকে ইরানের হামলার প্রেক্ষাপটে ইসরায়েলে গত ২৪ ঘণ্টায় শতাধিক মানুষ আহত হয়েছেন। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম The Times of Israel এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইরানের সঙ্গে চলমান সংঘাতের জেরে গত ২৪ ঘণ্টায় অন্তত ১০৮ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে আহত হওয়ার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
ধারণা করা হচ্ছে, আহতদের মধ্যে অনেকেই ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র কিংবা লেবানন থেকে নিক্ষেপ করা রকেটের আঘাতে আহত হয়েছেন। এছাড়া নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় হুড়োহুড়ির কারণেও অনেকে আহত হয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম X-এ দেওয়া এক পোস্টে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে রোববার সকাল পর্যন্ত সংঘাতের জেরে মোট ৩ হাজার ১৯৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বর্তমানে ৮১ জন চিকিৎসাধীন রয়েছেন।




















