কলকাতা বইমেলায় বাংলাদেশকে অংশ নিতে দিলেন না আয়োজকরা
- আপডেট সময় : ১১:১৭:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
- / 219
আন্তর্জাতিক কলকাতা বইমেলায় এ বছরও বাংলাদেশের প্রকাশকরা অংশ নিতে পারছেন না। ফলে টানা দ্বিতীয়বারের মতো কলকাতা বইমেলায় বাংলাদেশের কোনো প্যাভেলিয়ন থাকছে না।
এর আগে প্রতিবছর কলকাতা বইমেলায় বাংলাদেশের বহু প্রকাশক অংশ নিতেন। মেলায় বাংলাদেশি প্রকাশনীর স্টলগুলোতে ব্যাপক ভিড় হতো এবং দেশটির লেখকদের বইও উল্লেখযোগ্যভাবে বিক্রি হতো। তবে ২০২৪ সালের জুলাই-আগস্টের বিক্ষোভ ও পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে গত বছর বাংলাদেশের প্রতিনিধিত্ব ছিল না। একই ধারাবাহিকতায় এ বছরও তারা অংশ নিচ্ছেন না।
কলকাতা বইমেলার আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চ্যাটার্জি মঙ্গলবার বিবিসি বাংলাকে বলেন, “বাংলাদেশের পক্ষ থেকে এবার মেলায় অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করা হয়েছিল। কিন্তু আমরাই তাদের যোগ দিতে দিচ্ছি না।”
কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের সূত্রগুলোও নিশ্চিত করেছে যে, এবারের বইমেলায় অংশ নেওয়ার বিষয়ে আগ্রহ জানানো হয়েছিল।
ত্রিদিব চ্যাটার্জি বলেন, “বর্তমানে ভারত-বাংলাদেশের সম্পর্কের যে অবস্থা, তাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সবুজ সংকেত ছাড়া বাংলাদেশকে মেলায় অংশ নেওয়ার অনুমতি দিতে পারছে না গিল্ড। সেই অনুমোদন না পাওয়ায় বাংলাদেশ মেলায় থাকছে না। তবে কোনো ভারতীয় স্টলে যদি বাংলাদেশের বই রাখা হয়, সে বিষয়ে আমাদের আপত্তি নেই।”
নিয়মিত অংশগ্রহণকারী আরেক দেশ যুক্তরাষ্ট্রও এবার কলকাতা বইমেলায় থাকছে না। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজেট বরাদ্দ না পাওয়ায় যুক্তরাষ্ট্র অংশ নিচ্ছে না।
তবে এবারের বইমেলায় প্রথমবারের মতো অংশ নিচ্ছে ইউক্রেন। পাশাপাশি ১৫ বছর পর আবারও মেলায় ফিরছে চীনের প্যাভেলিয়ন। আর্জেন্টিনা এবারের বইমেলার থিম দেশ।
মেলায় মোট ২১টি দেশ অংশ নেবে এবং ভারতের বিভিন্ন রাজ্যসহ এক হাজারেরও বেশি প্রকাশক স্টল দিচ্ছেন।
আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ৪৯তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। বিশ্বের বৃহত্তম অ-বাণিজ্যিক বইমেলা হিসেবে পরিচিত এই আয়োজনটি জনসমাগমের দিক থেকেও বিশ্বে শীর্ষে রয়েছে। সল্টলেকের স্থায়ী ‘বইমেলা প্রাঙ্গণ’-এ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মেলার উদ্বোধন করবেন।






















