গুলশানে হাঁটতে গিয়ে ইউকে নাগরিকের মৃত্যু
- আপডেট সময় : ০৫:৩৮:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
- / 150
রাজধানীর গুলশানের রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন পার্কে হাঁটতে গিয়ে FILIPP POGGI (৬৫) নামের এক যুক্তরাজ্য (ইউকে) নাগরিক মৃত্যুবরণ করেছেন।
শনিবার (৩১ মে) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে গুলশান ইউনাইটেড হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ রেজাউল করিম জানান, খবর পেয়ে তারা ইউনাইটেড হাসপাতালের জরুরি বিভাগ থেকে মরদেহ উদ্ধার করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এসআই রেজাউল করিম আরও জানান, পার্কে হাঁটার সময় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন ফিলিপ পজ্জি। পার্কের নিরাপত্তা কর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান। দুপুর দেড়টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ (কার্ডিয়াক অ্যারেস্ট) হয়ে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহতের স্থায়ী ঠিকানা যুক্তরাজ্যের 14 Bostock Close, Elmesthorpe, Leicestershire, UK। তিনি GINO Poggi-এর সন্তান। বর্তমানে তিনি গুলশানের বারিধারা রোড নং ১১, বাসা নং ২২, এপার্টমেন্ট ৪/এ-তে বসবাস করছিলেন এবং পেশায় চাকরিজীবী ছিলেন।






















