গৌরীপুরে সেনাবাহিনীর অভিযানে ৩২টি রামদাসহ চারজন আটক
- আপডেট সময় : ০১:৩৪:০৯ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
- / 157
ময়মনসিংহের গৌরীপুরে সেনাবাহিনীর অভিযানে ৩২টি দেশীয় অস্ত্র রামদাসহ চারজনকে আটক করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে পৌর শহরের ইসলামাবাদ মহল্লার একটি পরিত্যক্ত ভবন — ‘প্রত্যাশা যুব কল্যাণ সংঘ’–এ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
আটক হওয়া চারজন হলেন গৌরীপুর পৌর শহরের পূর্ব দাপুনিয়া মহল্লার রফিকের ছেলে হাবিব (১৭), মইলাকান্দা ইউনিয়নের পূর্ব কাউরাট গ্রামের ইদ্রিস আলীর ছেলে মোঃ শামীম (২৯), মৃত শাহজাহানের ছেলে মামুন (২৫) এবং পশ্চিম কাউরাট গ্রামের মাজেদ আলীর ছেলে মোঃ আফাজ।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ দিদারুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে ৩২টি দেশীয় অস্ত্র উদ্ধার করে। পরে আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, “এই অস্ত্রগুলো কেন ও কী উদ্দেশ্যে রাখা হয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো সংঘর্ষ বা অপরাধমূলক কাজে ব্যবহারের জন্য এগুলো রাখা হতে পারে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযানের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে পুরো ঘটনাটি তদন্ত করছে।






















