ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বাবাকে অচেতন করে জমি রেজিস্ট্রি: রেজিস্ট্রারসহ তিন ভাইয়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
- আপডেট সময় : ১০:২৩:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
- / 514
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় চাঞ্চল্যকর এক জমি রেজিস্ট্রির ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে—অচেতন অবস্থায় থাকা এক বৃদ্ধ বাবার নামে জমি রেজিস্ট্রি করে নিয়েছেন তারই তিন ছেলে। অভিযুক্তরা হলেন—মো. ইদ্রিস আলী, জবেদ আলী ও আজাদ মোস্তফা।
পরিবারের অভিযোগ অনুযায়ী, ১০০ বছর বয়সী অসুস্থ ও অচেতন দাতা আব্দুল করিমকে ব্যবহার করে গত ২৭ অক্টোবর ২০২৫ ইং তারিখে পীরগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে জাবর হাট মৌজার জেল নং ১২৮, দাগ নং ৪৫৯ ও ১৭৭ নম্বরের মোট ৩ একর ২৫ শতাংশ জমি রেজিস্ট্রি করে নেন ওই তিন ভাই।
ঘটনাটি আরও বিতর্কিত হয়ে ওঠে, কারণ কোনো ওয়ারিশান সনদ (ওয়ারিশ সার্টিফিকেট) ছাড়াই জমি রেজিস্ট্রেশন সম্পন্ন হয়। অথচ দাতা আব্দুল করিমের আরও একজন ছেলে ও চারজন কন্যা রয়েছেন, যাদের অনুমতি বা উপস্থিতি ছাড়াই সম্পত্তি রেজিস্ট্রি করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পীরগঞ্জের সাব-রেজিস্ট্রার মনীষা রায় এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া তদারকি করেন। অভিযোগ রয়েছে, তিনি যথাযথ আইনি যাচাই ছাড়াই দলিল সম্পাদন করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান—
“আমাদের অজান্তে এবং বাবার অক্ষম অবস্থায় তারা এই কাজ করেছে। এটি সম্পূর্ণ প্রতারণা ও জালিয়াতি।”
এ ঘটনায় প্রশাসনিক তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।






















