“তারেক রহমান বীরের ভেসে আসবে ফিরে বাংলাদেশে”—স্লোগান বাস্তবে রূপ নিতে যাচ্ছে
- আপডেট সময় : ০৩:১২:১১ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
- / 214
বহুল আলোচিত স্লোগান “তারেক রহমান বীরের ভেসে আসবে ফিরে বাংলাদেশে” সত্যিকারে বাস্তবায়নের পথে। আগামীকাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন হতে যাচ্ছে।
দীর্ঘ ১৮ বছরেরও বেশি সময় ধরে দেশের বাইরে অবস্থানরত তারেক রহমান লন্ডন থেকে আগামীকাল বাংলাদেশে পৌঁছাবেন। ৫ই আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথম তিনি দেশে ফিরছেন।
দেশে পৌঁছে তিনি রাজধানীর ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এরপর তিনি তার মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতাল যাবেন । এছাড়াও তার স্বদেশ প্রত্যাবর্তনের পরে ধারাবাহিকভাবে আরও নানা কর্মসূচি রয়েছে।
ইতোমধ্যে তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে দেশের বিভিন্ন জেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ৩০০ ফিট এলাকায় জড়ো হতে শুরু করেছেন। এ বিষয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপি’র শেরেবাংলা নগর থানাধীন ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন ইমাম আজ ৩০০ ফিট এলাকায় উপস্থিত হয়ে বলেন,
“‘তারেক রহমান বীরের ভেসে আসবে ফিরে বাংলাদেশে’—এই স্লোগান সত্যিকারে পূরণ হতে যাচ্ছে। আগামীকাল তিনি দেশে ফিরলে শুধু তার বক্তব্য শোনার জন্যই দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ এখানে সমবেত হবে।”
তিনি আরও বলেন, তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের পথ আরও সুগম হবে।
তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে, যা আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন অনেকে।






















