নগরবাসীর পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছি: অ্যাডভোকেট এম এ হান্নান খান
- আপডেট সময় : ১১:১৩:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / 88
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:
নগরবাসীর জীবনযাত্রা স্বাভাবিক ও সচল রাখতে সবসময় পাশে থেকে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী অ্যাডভোকেট এম এ হান্নান খান।
শনিবার (২৭ জুন) ময়মনসিংহ নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের কৃষ্টপুর মালঞ্চ কলোনিতে পানি সংকট নিরসন কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
জানা যায়, কলোনির প্রায় ২০০টি পরিবার গত কয়েকদিন ধরে পানির তীব্র সংকটে ভুগছিল। বিষয়টি স্থানীয় বাসিন্দারা হান্নান খানের নজরে আনলে তিনি দ্রুত মিস্ত্রি পাঠান। মিস্ত্রির পরামর্শ ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় সারাদিন কাজ করে পানির সমস্যার সমাধান করা হয়।
এতে কলোনির বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরে আসে এবং তারা পুনরায় স্বাভাবিকভাবে পানি ব্যবহার করতে পারছেন।
এম এ হান্নান খান বলেন, “নাগরিকদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করাই আমার লক্ষ্য। যেকোনো সমস্যা সমাধানে আমি সবসময় তাদের পাশে থাকতে চাই।”
সমস্যা সমাধানে সহযোগিতা করায় স্থানীয় বাসিন্দাদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।






















