বনানীতে গাড়ির ধাক্কায় অজ্ঞাত নারী নিহত
- আপডেট সময় : ০৫:১২:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
- / 130
রাজধানীর বনানী থানাধীন নৌবাহিনী সদর দপ্তরের সামনে দ্রুতগামী একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক অজ্ঞাতপরিচয় (বয়স আনুমানিক ৩২) নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ মে) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। রাস্তা পার হওয়ার সময় ওই নারীকে একটি দ্রুতগামী গাড়ি ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেল জানান, “খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আমরা নৌবাহিনী সদর দপ্তরের সামনে রাস্তার উপর গুরুতর আহত অবস্থায় নারীটিকে পড়ে থাকতে দেখি। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
তিনি আরও জানান, নিহত নারীর পরিচয় এখনও জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, একটি দ্রুতগামী অজ্ঞাত গাড়ি রাস্তা পার হওয়ার সময় তাকে ধাক্কা দেয়। ঘটনার পর সিআইডি ক্রাইমসিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্তে কাজ করছে। এছাড়া আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘাতক গাড়ি শনাক্তের চেষ্টাও চলছে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।























