ময়মনসিংহকে পরিচ্ছন্ন নগরী গড়তে জেলা প্রশাসকের ‘ক্লিন সানডে’ কর্মসূচি
- আপডেট সময় : ১২:৩২:৪২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- / 21
ময়মনসিংহ প্রতিনিধি:
পরিচ্ছন্ন ময়মনসিংহ গড়ার লক্ষ্যে জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতি রোববার ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতা গড়ে তোলার পাশাপাশি পরিচ্ছন্নতাকে সামাজিক আন্দোলনে পরিণত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় নগরীর পাটগুদাম উচ্চ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে ‘ক্লিন সানডে’ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতি রোববার জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। কর্মসূচি সফল করতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।
ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, ‘ক্লিন বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে জেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতি রোববার ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালন করা হবে। শিক্ষার্থীদের মধ্য থেকেই পরিচ্ছন্নতা ও সামাজিক মূল্যবোধের চর্চা শুরু করতে চান তারা।
তিনি বলেন, শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে শিক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিবেশ ক্লাব গঠন এবং স্যানিটেশন অ্যাম্বাসেডর নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব অ্যাম্বাসেডরের মাধ্যমে পরিচ্ছন্নতা ও স্যানিটেশন কার্যক্রম পরিচালিত হবে।
পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকির জন্য জেলা প্রশাসনের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে জানিয়ে জেলা প্রশাসক বলেন, কমিটির সদস্যরা জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন। প্রতি মাসে পরিচ্ছন্নতা কার্যক্রমে ভালো কাজ করা শিক্ষাপ্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়ারও পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন, যুব উন্নয়ন অধিদপ্তর ও সমবায় অধিদপ্তরের বিভিন্ন গ্রুপকে এ কার্যক্রমে সম্পৃক্ত করা হবে। তাদের নির্দিষ্ট এলাকা, সড়ক, হাট-বাজারসহ বিভিন্ন স্থান পরিচ্ছন্ন রাখার দায়িত্ব দেওয়া হবে।
জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, প্রতি শনিবার স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। এর ধারাবাহিকতায় প্রতি রোববার শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালন করা হবে।
তিনি বলেন, ‘আমরা চাই ক্লিন ময়মনসিংহ একটি সামাজিক আন্দোলনে পরিণত হোক। এর মাধ্যমে ময়মনসিংহকে দেশের অন্যতম পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে চাই।’
কর্মসূচিতে ক্লিন আপ বাংলাদেশের স্বেচ্ছাসেবক, শিক্ষক-শিক্ষার্থী এবং জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিচ্ছন্ন ময়মনসিংহ গড়ার উদ্যোগকে সফল করতে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।




















