ময়মনসিংহে ট্রেন অবরোধে বিএনপির বিক্ষোভ, বন্ধ ছিল রেল যোগাযোগ
- আপডেট সময় : ১০:০৪:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- / 151
ময়মনসিংহের গৌরীপুরে মনোনয়ন বঞ্চিত প্রার্থী আহমেদ তায়েবুর রহমান হিরণের অনুসারীরা যাত্রীবাহী হাওর এক্সপ্রেস ট্রেন অবরোধ করে বিক্ষোভ করেছেন। এর ফলে কিছু সময়ের জন্য নেত্রকোণার মোহনগঞ্জ-ঢাকা রেলযোগাযোগ বন্ধ থাকে।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গৌরীপুর রেলওয়ে স্টেশনে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেনটি অবরোধ করা হয়। বিক্ষোভকারীরা ওই সময় হিরণের পক্ষে স্লোগান দিয়ে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবি জানান।
ঘটনার খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের বুঝিয়ে রেলপথ থেকে সরিয়ে দেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়, এবং রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেনকে প্রাথমিক মনোনয়ন দিয়েছে দলটি। এতে ক্ষুব্ধ হয়ে বিক্ষোভে নামে আহমেদ তায়েবুর রহমান হিরণের অনুসারীরা।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বলেন,
“সকাল সাড়ে ৯টার দিকে গৌরীপুর স্টেশনে ট্রেন অবরোধ করা হয়। এতে মোহনগঞ্জ-ঢাকা রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ থাকলেও দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং অন্যান্য লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।”






















