ময়মনসিংহে দুটি হত্যা মামলার রায় : তিনজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন কারাদণ্ড
- আপডেট সময় : ১১:২৯:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
- / 167
ময়মনসিংহে পৃথক দুটি হত্যা মামলার রায়ে তিনজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের দুটি আদালতে এই রায় ঘোষণা করা হয়।
প্রথম মামলায়, পরকীয়ার জেরে পুলিশ সদস্য হত্যার ঘটনায় পুলিশ কর্মকর্তা দম্পতি আলাউদ্দিন ও নাসরিনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন ময়মনসিংহের দায়রা জজ আদালত-১ এর বিচারক মোহাম্মদ হারুন-অর রশিদ।
অন্যদিকে, গহনা ছিনতাইয়ের পর নারী হত্যার মামলায় অতিরিক্ত দায়রা জজ আদালত-৪ এর বিচারক জয়নাব বেগম রুবেলকে মৃত্যুদণ্ড এবং দ্বীন ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
প্রথম মামলা : পরকীয়ার জেরে পুলিশ হত্যা
মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালে পুলিশ কর্মকর্তা আলাউদ্দিনের স্ত্রী নাসরিনের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন পুলিশ কনস্টেবল সাইফুল। এর জেরে সাইফুলকে হত্যা করে লাশ গুমের চেষ্টা করেন আলাউদ্দিন ও নাসরিন।
স্থানীয়দের হাতে ধরা পড়ার পর নিহত সাইফুলের মা ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত বৃহস্পতিবার দম্পতির মৃত্যুদণ্ডের আদেশ দেন।
দ্বিতীয় মামলা : গহনা ছিনতাইয়ে নারী হত্যা
অন্য ঘটনায়, ২০২২ সালে ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় কুলসুম নামে এক নারীকে হত্যা করে গহনা নিয়ে পালিয়ে যান রুবেল ও দ্বীন ইসলাম। স্থানীয়দের হাতে আটক হওয়ার পর নিহত কুলসুমের ছেলে তারাকান্দা থানায় হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত রুবেলকে মৃত্যুদণ্ড এবং দ্বীন ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।
দুটি মামলার রায়ে আদালত মন্তব্য করেন, হত্যার মতো নৃশংস অপরাধের শাস্তি হিসেবে সর্বোচ্চ দণ্ড দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে এমন জঘন্য অপরাধের পুনরাবৃত্তি না ঘটে।






















