ময়মনসিংহে বাবা-মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার, স্ত্রী হাসপাতালে
- আপডেট সময় : ১১:১৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
- / 112
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় এক ঘর থেকে বাবা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে নিহতের স্ত্রী জুলেখা খাতুনকে, যাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় উপজেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের আমিরখাকুড়া গ্রামে নিহতদের শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন রতন মিয়া (৩৫) এবং তার মেয়ে নূরিয়া খাতুন (৭)। রতনের বাড়ি পার্শ্ববর্তী নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় এলাকার খিশাকুড়ি এলাকায়। তিনি শ্বশুরবাড়িতে বসবাস করতেন।
স্থানীয়দের ও থানার সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে রতনের সঙ্গে হালুয়াঘাটের ভুবনকুড়া ইউনিয়নের দুলাল মিয়ার কন্যা জুলেখা খাতুনের বিয়ে হয়। বিবাহিত জীবনে তিনি শ্বশুরবাড়িতেই থাকতেন। কয়েক বছর আগে স্ত্রী জুলেখা দুবাই চলে যান। গত বছর ছুটি কাটিয়ে বাড়ি ফিরে যান এবং সম্প্রতি ফের ছুটিতে আসেন। এর পর রতন তাকে বিদেশ না যাওয়ার জন্য বলায় কয়েকদিন ধরে দম্পত্তির মধ্যে বিরোধ চলছিল।
ঘটনার রাতেই শ্বশুরবাড়ির ঘর থেকে রতন ও তার মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। গুরুতর আহত জুলেখাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, “ঘটনাস্থল থেকে সুরতহাল শেষে লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
—শেষ—






















