মাগুরায় নির্যাতিত শিশুর মৃত্যু, সেনাবাহিনীর শোক প্রকাশ
- আপডেট সময় : ০৮:০২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
- / 137
মাগুরায় নির্যাতনের শিকার হওয়া শিশুটি শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানল। আজ ১৩ মার্চ দুপুর ১টায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
সিএমএইচের সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা ও বিশেষজ্ঞ চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি। জানা গেছে, আজ সকালে শিশুটি তিনবার কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হয়। চিকিৎসকরা প্রথম দুইবার তার হৃদস্পন্দন ফিরিয়ে আনতে সক্ষম হলেও তৃতীয়বার তা সম্ভব হয়নি।
উল্লেখ্য, গত ৮ মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা সিএমএইচ-এ ভর্তি করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। একইসঙ্গে প্রয়োজনে পরিবারের পাশে থাকার আশ্বাসও দিয়েছে সেনাবাহিনী।
বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে।






















