মুক্তাগাছায় বাসায় ঢুকে যুবককে ছুরিকাঘাতে হত্যা, এলাকায় আতঙ্ক
- আপডেট সময় : ১১:০২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
- / 172
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে উপজেলার কুমারগাতা ইউনিয়নের শ্যামপুর ঘোষবাড়ী (পুলিশ মোড়) এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম ওই এলাকার কাশেম আলীর বড় ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার রাতে শফিকুল ইসলাম নিজ বাড়িতে অবস্থান করছিলেন। রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটের দিকে একদল দুর্বৃত্ত তার বাসায় ঢুকে তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শফিকুল ইসলামকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় ভ্যানচালক আবুল হোসেন বলেন, “এমন নৃশংস ঘটনা সত্যিই দুঃখজনক। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।” একই এলাকার বাসিন্দা লাইলী আক্তার বলেন, “কোনো হত্যাই আমাদের কাম্য নয়। যারা শফিকুলকে এভাবে হত্যা করেছে, তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।”
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, “হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। খুব দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আমরা আশা করছি।”






















