যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলবে না ইরান, জানালেন ক্রীড়ামন্ত্রী
- আপডেট সময় : ০২:০৩:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
- / 53
আসন্ন ফিফা বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ ডোনিয়ামাল জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে তাদের পক্ষে বিশ্বকাপে অংশ নেওয়া সম্ভব নয়।
মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাতের জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এরপর ইরান পাল্টা হামলা চালালে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো অঞ্চলে।
এক টেলিভিশন সাক্ষাৎকারে ডোনিয়ামাল বলেন, এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে গিয়ে ফুটবল খেলার মতো অবস্থা নেই। কয়েক মাসের ব্যবধানে দুইটি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে এবং এতে হাজারো মানুষ প্রাণ হারিয়েছে। তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে, ইরান এই বিশ্বকাপে অংশ নেবে না।
আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করার কথা রয়েছে। সূচি অনুযায়ী, লস অ্যাঞ্জেলেসে ইরানের নিউজিল্যান্ড ও বেলজিয়ামের বিপক্ষে এবং সিয়াটলে মিসরের বিপক্ষে খেলার কথা ছিল।
এর আগে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছিলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে আশ্বস্ত করেছেন যে ইরান দলকে বিশ্বকাপে স্বাগত জানানো হবে এবং তাদের অংশগ্রহণে কোনো বাধা দেওয়া হবে না। তবে ইরানের ক্রীড়ামন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যে তাদের বিশ্বকাপে খেলা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।




















