হালুয়াঘাটে এক দিনের বৃষ্টিতেই প্লাবিত ঘরবাড়ি-রাস্তাঘাট, দুর্ভোগে গ্রামবাসী
- আপডেট সময় : ০৩:২৭:১৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
- / 104
নিজস্ব প্রতিবেদক , ময়মনসিংহ: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় এক দিনের টানা বৃষ্টি ও আকস্মিক পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে সীমান্তবর্তী বিভিন্ন এলাকার ঘরবাড়ি ও রাস্তাঘাট। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। রোববার দুপুরে হঠাৎ ভারী বৃষ্টিপাতের পর গাজীরভিটা ইউনিয়নের বোয়ালমারা, আংচিংড়িপাড়া, বোরাঘাটসহ কয়েকটি গ্রামের নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়ে। অনেক বাড়িঘরে পানি প্রবেশ করায় ভোগান্তিতে পড়েন গ্রামবাসী। পাশাপাশি বিভিন্ন গ্রামীণ সড়ক তলিয়ে যাওয়ায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। স্থানীয়রা জানান, পাহাড়ি ঢলের পানি দ্রুত নেমে আসায় অল্প সময়েই পরিস্থিতি অবনতি ঘটে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে পানি জমে থাকায় মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। গাজীরভিটা ইউনিয়নের সদস্য নজরুল ইসলাম বলেন, বোরাঘাট নদীসহ এলাকার বিভিন্ন নদী ও খাল দীর্ঘদিন ধরে খনন না করায় পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি হচ্ছে। ফলে সামান্য বৃষ্টি ও পাহাড়ি ঢলেই এসব এলাকা প্লাবিত হয়ে পড়ে।

এদিকে গারো আদিবাসীসহ স্থানীয় বাসিন্দারা বোরাঘাট নদীসহ সংশ্লিষ্ট নদী-খাল দ্রুত খননের দাবি জানিয়েছেন। তাদের মতে, স্থায়ী সমাধানে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ না নিলে প্রতি বর্ষা মৌসুমেই এ ধরনের দুর্ভোগ অব্যাহত থাকবে।






















