সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনের সহায়তার অভিযোগ নাহিদ ইসলামের
- আপডেট সময় : ০৫:৪১:১৬ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
- / 41
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বোমা বিস্ফোরণের ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ তুলেছেন দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
সোমবার (৬ জুলাই) রাত সোয়া ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ডের ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে বিস্ফোরণের পর তিনি এসব অভিযোগ করেন। এর আগে রাত পৌনে ১০টার দিকে একই স্থানে সমাবেশে বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণের সময় ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য রাখছিলেন। বিস্ফোরণের পর নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ছোটাছুটি শুরু হয়। পরে নাবিলা তাসনিদ মাইকে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।
নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, “আজকের এই বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে। কেন বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছিল? পরিকল্পিতভাবে আমাদের হত্যা করার উদ্দেশ্যে এখানে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে।”
তিনি আরও দাবি করেন, এনসিপির পদযাত্রা বাধাগ্রস্ত করার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে। সরকারের কাছে নিরাপত্তা নিশ্চিত করতে না পারার ব্যাখ্যা চেয়ে তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রশাসনকে এ ঘটনার জবাব দিতে হবে।
পুলিশ প্রশাসনের ভূমিকাও প্রশ্নবিদ্ধ করে নাহিদ ইসলাম বলেন, সমাবেশের নিরাপত্তার দায়িত্বে থাকা প্রশাসনের ব্যর্থতার কারণ তদন্ত হওয়া উচিত। তিনি জানতে চান, কীভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হলো এবং নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও এমন ঘটনা ঘটল।
বিস্ফোরণে কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন উল্লেখ করে তিনি দ্রুত তদন্ত ও বিচার দাবি করেন। অন্যথায় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের জবাবদিহির আওতায় আনার হুঁশিয়ারি দেন।
একই সঙ্গে তিনি ঘোষণা দেন, ভয়ভীতি বা হামলার মুখেও এনসিপির কর্মসূচি ও পদযাত্রা অব্যাহত থাকবে। জুলাইয়ের আন্দোলনের লক্ষ্য বাস্তবায়ন, হত্যাকাণ্ডের বিচার, সীমান্ত নিরাপত্তা এবং তরুণদের কর্মসংস্থানের দাবিতে দলটির কর্মসূচি চলবে বলেও জানান।
তবে নাহিদ ইসলামের এসব অভিযোগের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।










