চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
- আপডেট সময় : ০২:৩২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
- / 64
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর উত্তরার নয়ানগর এলাকায় চাঁদার দাবিতে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে উত্তরা পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী। অভিযোগের ভিত্তিতে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
রাজধানীর উত্তরার নয়ানগর এলাকায় অবস্থিত ‘কর্নেল এন্টারপ্রাইজ’ নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
প্রতিষ্ঠানটির মালিক মো. আব্দুর রাজ্জাকের অভিযোগ, গত ১৯ জুলাই সকালে একদল ব্যক্তি তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে এসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। একই সঙ্গে ব্যবসা পরিচালনা অব্যাহত রাখতে প্রতি মাসে ৩ লাখ টাকা করে চাঁদা দিতে হবে বলেও তাঁকে হুমকি দেওয়া হয়। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্ত ব্যক্তিরা প্রতিষ্ঠানে হামলা চালায়। এ সময় কর্মচারীদের মারধর, ভাঙচুর এবং ব্যবসাপ্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, পরদিন ২০ জুলাই রাতে অভিযুক্তরা আবারও প্রতিষ্ঠানে প্রবেশ করে ক্যাশে থাকা নগদ টাকা এবং বিভিন্ন মূল্যবান মালামাল নিয়ে যায়। এ সময় সিসিটিভি ক্যামেরাসহ বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করা হয়। এতে কয়েক লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।

এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে উত্তরা পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মো. আব্দুর রাজ্জাক। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ভুক্তভোগী আব্দুর রাজ্জাক বলেন, “আমি দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছি। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় আমার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। আমি প্রশাসনের কাছে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”




















