বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১
- আপডেট সময় : ১২:১০:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
- / 67
কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরবে একটি বাজারের নামকরণকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে মাসুদ মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার (২৭ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর ও মিরারচর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মাসুদ মিয়া মিরারচর এলাকার আসাদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের দুই পাশে গড়ে ওঠা একটি বাজারের নামকরণ নিয়ে আকবরনগর ও মিরারচর গ্রামের বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। স্থানীয়দের দাবি, এ বিরোধ প্রায় ৩০ বছরের পুরোনো।
সম্প্রতি বাজারটির নামকরণকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়। কয়েকদিন ধরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। পরে গুরুতর আহত মাসুদ মিয়ার মৃত্যু হয়।
আহতদের স্বজন ও স্থানীয়রা তাদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
সংঘর্ষের খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে সংঘর্ষের কারণে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে কিছু সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। পরে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিমন বোস বলেন, এ ঘটনায় একজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সর্বাত্মক চেষ্টা করছে।



















