দক্ষিণ কেরানীগঞ্জে ইন্টারনেট প্রতিষ্ঠানের যন্ত্রাংশ চুরির অভিযোগ, তদন্তে পুলিশ
- আপডেট সময় : ১১:৫৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / 109
কেরানীগঞ্জ প্রতিনিধি:
রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান মিনারা ফিরোজ ইনফোটেকসহ কয়েকটি প্রতিষ্ঠানের নেটওয়ার্ক ডিভাইস ও যন্ত্রাংশ চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় DFN নামের একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় গত ২৭ জুলাই দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মিনারা ফিরোজ ইনফোটেকের পক্ষে আনোয়ার হোসেন একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে ২ আগস্ট সাংবাদিকদের কাছে বিষয়টি তুলে ধরা হয়।
জিডিতে উল্লেখ করা হয়, দক্ষিণ কেরানীগঞ্জের বসুন্ধরা রিভারভিউ এলাকায় ২৭ জুলাই ভোর আনুমানিক ৬টা ১৫ মিনিট থেকে ৬টা ৪০ মিনিটের মধ্যে মিনারা ফিরোজ ইনফোটেকসহ কয়েকটি প্রতিষ্ঠানের বিভিন্ন ইন্টারনেট ডিভাইস ও নেটওয়ার্ক সরঞ্জাম খুলে নিয়ে যাওয়া হয়। অভিযোগে বলা হয়েছে, DFN প্রতিষ্ঠানের কর্মচারী মাহমুদুল্লাহ ও আকাশ নামে দুই ব্যক্তি এ ঘটনার সঙ্গে জড়িত। এতে প্রায় ২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
জিডিতে আরও উল্লেখ করা হয়, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় DFN প্রতিষ্ঠানে কর্মরত টেকনিশিয়ান মাহমুদুল্লাহকে স্পষ্টভাবে শনাক্ত করা গেছে বলে অভিযোগকারীর দাবি।
তবে এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। DFN-এর স্বত্বাধিকারী ওসামা জানান, অভিযুক্ত মাহমুদুল্লাহর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে একটি সমঝোতার উদ্যোগ নেওয়া হয়েছিল।
এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার সঙ্গে যোগাযোগ করা হলে পুলিশ জানায়, অভিযোগের বিষয়টি তদন্তাধীন রয়েছে।




















