ময়মনসিংহে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল ২ বোনের
- আপডেট সময় : ০৬:২২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
- / 22
ময়মনসিংহের তারাকান্দায় কাভার্ডভ্যানের চাপায় আরবিয়া আক্তার (৮) ও রাবিয়া আক্তার (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৬টার দিকে ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক মহাসড়কের পশ্চিম তালদিঘী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু পশ্চিম তালদিঘী গ্রামের মোখলেসুর রহমান ফকির ও ফাতেমা আক্তার দম্পতির মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে শিশুদের মা ফাতেমা আক্তার গৃহকর্মীর কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হন। এ সময় দুই মেয়ে তার পেছনে পেছনে তালদিঘী মডেল মসজিদের সামনে পর্যন্ত যায়। পরে মা তাদের বাড়িতে ফিরে যেতে বলেন।
মায়ের কাছ থেকে কিছুটা দূরে যাওয়ার পর পশ্চিম তালদিঘী এলাকায় ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক মহাসড়কের পাশে হাঁটার সময় দুর্ঘটনার শিকার হয় দুই বোন। ফুলপুরগামী নীল ও হলুদ রঙের একটি কাভার্ডভ্যান দ্রুতগতিতে এসে তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি নিয়ে পালিয়ে যান চালক। তার পরিচয় এবং গাড়িটির বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাশিদ বলেন, সড়কের পাশ দিয়ে যাওয়ার সময় শেরপুরগামী একটি অজ্ঞাত কাভার্ডভ্যান দুই শিশুকে চাপা দিয়ে চলে যায়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কাভার্ডভ্যানটি শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।


















