নারীবিদ্বেষ বন্ধে কঠোর পদক্ষেপ চায় সামাজিক প্রতিরোধ কমিটি
- আপডেট সময় : ১২:৩১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
- / 129
নারীদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো বন্ধ করতে এবং নারীর প্রতি সহিংসতার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সরকারের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছে সামাজিক প্রতিরোধ কমিটি।
বৃহস্পতিবার (৮ মে) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। এই সম্মেলনের আয়োজন করেছিল সামাজিক প্রতিরোধ কমিটি, যেখানে নারীর মর্যাদা ও সমতার বিরুদ্ধে যেসব অপমানজনক মন্তব্য আর আচরণ হয়েছে, তার প্রতিবাদ জানানো হয়।
এ সময় বাংলাদেশ মহিলা পরিষদ ও সামাজিক প্রতিরোধ কমিটির সভাপতি ফাওজিয়া মোসলেম বলেন, গত ৩ মে ঢাকার রাজু ভাস্কর্যের সামনে এবং হেফাজতে ইসলামের সমাবেশে নারীদের প্রতি যেভাবে অসম্মানজনক ও বর্বর আচরণ করা হয়েছে, তা আমাদের সবাইকে স্তম্ভিত করেছে। তিনি বলেন, এই ধরনের আচরণ কোনো সভ্য দেশের পরিচয় হতে পারে না। যদিও পরে হেফাজত দুঃখ প্রকাশ করেছে, তবে এটা দেরিতে এসেছে।
তিনি আরও বলেন, এখন নারীদের চলাফেরা, পোশাক এবং সাজগোজ নিয়েও জনসমক্ষে অপমান করা হচ্ছে। রাস্তাঘাটে নারীদের হেনস্তার ঘটনা বেড়ে গেছে। এসব ঘটনা দেশের জন্য অগ্রগতির পথে বাধা।
সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে কিছু দাবি তোলা হয়:
১. নারীদের বিরুদ্ধে সব ধরনের প্রচারণা বন্ধে সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে।
২. যারা দলবেঁধে নারীদের ওপর হামলা চালায়, তাদের দ্রুত শনাক্ত করে কঠিন শাস্তি দিতে হবে।
৩. নারীর প্রতি সহিংসতার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।
৪. গণমাধ্যম যেন স্বাধীনভাবে সঠিক তথ্য প্রকাশ করতে পারে, তা নিশ্চিত করতে হবে।
৫. নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে দ্রুত পদক্ষেপ নিতে হবে।
৬. রাজনীতিতে ধর্মের অপব্যবহার বন্ধ করতে হবে।
৭. বিজ্ঞানভিত্তিক, অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধসম্পন্ন শিক্ষানীতি চালু করে সেই অনুযায়ী বইপত্র তৈরি ও বাস্তবায়ন করতে হবে।



















