অপমানের যন্ত্রণা সইতে না পেরে তাজুর আত্মহত্যা: অষ্টগ্রামে শোকের ছায়া
- আপডেট সময় : ০৫:৫৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
- / 128
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে পারিবারিক অশান্তি ও সামাজিক অপমানের যন্ত্রণা সহ্য করতে না পেরে তাজু মিয়া (৫৮) নামে এক ব্যক্তি বিষপানে আত্মহত্যা করেছেন। গত ২৫ অক্টোবর শুক্রবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। তাজুর মৃত্যুর সংবাদ পরদিন সকালে এলাকায় ছড়িয়ে পড়লে সর্বত্র নেমে আসে শোকের ছায়া এবং ক্ষোভের আগুন।
জমি নিয়ে পূর্ব বিরোধ
স্থানীয় সূত্রে জানা যায়, তাজু ও তার ভাগ্নে কামালের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। চার মাস আগে ইউনিয়নের সাবেক চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি শান্তিপূর্ণ সালিশে সিদ্ধান্ত হয়, উভয়পক্ষ আইনগতভাবে যার প্রাপ্য জমি সে বুঝে নেবে। উভয় পক্ষই তখন সালিশের সিদ্ধান্ত মেনে নেয়।
কিন্তু পরবর্তীতে তাজু ঐ জমি ভাগ্নেকে না জানিয়ে অন্য একজনের কাছে ২২ লক্ষ টাকায় বিক্রি করে টাকা নিলেও জমি বুঝিয়ে দিতে ব্যর্থ হন। ওই ব্যক্তি প্রকাশ্যে বাজারে তাজুকে প্রশ্ন করেন এবং টাকা ফেরত দেওয়ারও দাবি জানান। এতে তাজু মানসিকভাবে চরম অপমানিত ও লাঞ্ছিত হন।
পারিবারিক অশান্তিতে ভেঙে পড়েন তাজু
বাড়িতে ফিরে স্ত্রীকে বিষয়টি জানালে স্ত্রী ক্ষুব্ধ হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ ও তাজুর প্রতি বিরূপ আচরণ করেন। এতে মানসিকভাবে আরও বিপর্যস্ত হয়ে পড়েন তাজু। অপমান ও দুঃখ সহ্য করতে না পেরে তিনি গভীর রাতে বিষপান করেন।
এলাকাবাসীর প্রতিক্রিয়া
পরের দিন সকালে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে শুরু হয় শোকের ছায়া। অনেকে ধারণা করছেন, সামাজিক লাঞ্ছনা ও পারিবারিক অশান্তিই তাকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে। তার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের পাশাপাশি স্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন অনেকেই।
প্রশাসনের বক্তব্য
এ বিষয়ে আব্দুল্লাহপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন জানান, “ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল। তদন্ত চলছে। আত্মহত্যার কারণ ও সংশ্লিষ্টদের ভূমিকা বিস্তারিতভাবে খতিয়ে দেখা হচ্ছে।”
একজন শান্ত ও আইন মেনে চলা মানুষের জীবন কি অপমান-অশান্তির চাপে এমন মৃত্যুবরণ করলো? নাকি এর পেছনে আরও গভীর কোনো কারণ রয়েছে—তা জানতে এলাকাবাসী দ্রুত নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।




















