রাজধানীর মুগদা এলাকার মদিনাবাগে ভূমিকম্পের সময় নির্মাণাধীন একটি ভবনের ছাদের রেলিং ধসে পড়ে মাকসুদ (৫০) নামে এক নিরাপত্তাকর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে ঘটনাটি ঘটে। ভূমিকম্প অনুভূত হলে মাকসুদ ভবনের ওপরে থেকে দ্রুত নিচে নেমে আসেন। ঠিক সেই মুহূর্তে ভবনের ছাদের রেলিং ভেঙে পাশের একটি ভবনের ওপর পড়ে এবং সেখান থেকে তার মাথায় আঘাত লাগে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে নিশ্চিত করেছেন মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু ইউসুফ মৃধা।
তিনি আরও জানান, নিহত মাকসুদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলায়।






















