তীব্র শীতে অসহায় মানুষের পাশে ইউএনও আসাদুজ্জামান, মানবতার অনন্য দৃষ্টান্ত।
- আপডেট সময় : ০৫:৩৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
- / 165
তীব্র শীতে যখন জনজীবন বিপর্যস্ত, ঠিক সেই সময় অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসাদুজ্জামান।
হাড়কাঁপানো শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত শীতবস্ত্র (কম্বল) নিয়ে তিনি রাতের আঁধারে উপজেলার বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যান। পৌষের তীব্র শীতে বিশেষ করে চা-বাগান অধ্যুষিত ও দুর্গম এলাকার দরিদ্র মানুষ যখন খড়কুটো জ্বালিয়ে কোনোমতে শীত নিবারণের চেষ্টা করছিলেন, ঠিক তখনই তাদের পাশে দাঁড়ান এই মানবিক কর্মকর্তা। (১ জানুয়ারি বৃহস্পতিবার) সন্ধ্যায় ইউএনও মোঃ আসাদুজ্জামান কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেলওয়ে স্টেশন, বিভিন্ন বাজার এলাকা এবং ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে ঘুমন্ত অসহায় মানুষের গায়ে নিজ হাতে কম্বল জড়িয়ে দেন। রাতের নিস্তব্ধতায় সরকারি এই উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেক শীতার্ত মানুষ।
এই মহতী উদ্যোগ চলাকালে ইউএনও’র সঙ্গে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের স্বচ্ছতা এবং প্রকৃত শীতার্তদের কাছে ত্রাণ পৌঁছানো নিশ্চিত করা হয়। প্রশাসনের এমন জনবান্ধব ও মানবিক উদ্যোগের জন্য সাংবাদিকরাও ভূয়সী প্রশংসা করেন।
স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ শীতার্ত মানুষের কষ্ট লাঘবের পাশাপাশি প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় করবে।
ছবি সংযুক্ত
আব্দুল হামিদ
নয়া দিগন্ত, কমলগঞ্জ
মৌলভীবাজার প্রতিনিধি
তারিখ : ০১ জানুয়ারি ২০২৬
মোবাইল : ০১৭৩৫৩১৩৬২৭



















